ক্রীড়া ভাতায় ৩১ জন বাদ, যুক্ত হচ্ছেন আরও ৯৫ ক্রীড়াবিদ

  বিশেষ প্রতিনিধি    04-10-2026    6
ক্রীড়া ভাতায় ৩১ জন বাদ, যুক্ত হচ্ছেন আরও ৯৫ ক্রীড়াবিদ

ক্রীড়া ভাতার আওতায় থাকা ৩০০ ক্রীড়াবিদের মধ্যে পারফরম্যান্স পর্যালোচনা করে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে প্রায় ৯৫ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা কোচ ও রেফারিদেরও অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়াকার্ডধারীদের সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত আলোচনা সভার শুরুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। চার মাস পর পর তাদের পারফরম্যান্স পর্যালোচনা করা হচ্ছে। প্রথম চার মাসের পর্যালোচনায় প্রায় ৩১ জনের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাদের ভাতার আওতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এখনো ৫০০ জনের পরিপূর্ণ তালিকা পাইনি। এর মধ্যে ৩১ জনকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও প্রায় ৯৫ জনকে নতুন করে সংযোজন করা হচ্ছে। ফলে এই পর্যায়ে আমাদের ক্রীড়া ভাতার আওতায় প্রায় ৪০০ জনের কাছাকাছি ক্রীড়াবিদ থাকবেন।’

আমিনুল হক বলেন, ক্রীড়া ভাতার জন্য ৫০০ জনের কোটা নির্ধারণ করা হলেও এখনই তা পূরণ করা হবে না। চার মাস পর পর পর্যালোচনার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত করা হবে এবং প্রয়োজন হলে বর্তমান তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে।

তিনি বলেন, ক্রীড়া ভাতা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ক্রীড়াবিদদের পেশাদারত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় করা। এরই মধ্যে অনেক ক্রীড়াবিদ এই ভাতার অর্থ দিয়ে ঘর নির্মাণ, ব্যবসা বা পরিবারের স্বাবলম্বিতার জন্য কাজে লাগাচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের বাজেটে ক্রীড়া ভাতা ও নতুন ক্রীড়া কার্যক্রমের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্রীড়া ভাতার জন্য বছরে ৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন