ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

  বিশেষ প্রতিনিধি    19-07-2026    14
ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলায় তারা হতাহত হয়েছেন। এর জবাবে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আহত অন্যরা ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।

বিবিসি জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি। তারা ঘটনার বিস্তারিত বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, টানা অষ্টম রাতের মতো পরিচালিত এসব হামলার উদ্দেশ্য ছিল ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতাকে আরও হ্রাস করা’। এতে আরও বলা হয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়াই এই হামলার লক্ষ্য। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করে এবং তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

শনিবার গভীর রাতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে বলেন, আমেরিকার বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা একটি মৌলিক সত্য উন্মোচন করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। এটি তার প্রতি বিশ্বাসযোগ্যতাও হারিয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর

আরও পড়ুন