ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

  বিশেষ প্রতিনিধি    21-07-2026    2
ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে দেশটির বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, টানা দশম রাতের মতো পরিচালিত এই হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই এ হামলা চালানো হয়েছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে।

এর আগে ট্রাম্প জানান, সম্প্রতি নিহত তিন মার্কিন সেনার স্মরণে আগের রাতে ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ‘খুব কঠোর‘ হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে দুজন জর্ডানে এবং একজন ইরাকে প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ লড়ছে।

তবে চলমান সংঘাতের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরও মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষ বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে।

এদিকে জর্ডানের সামরিক বাহিনী সোমবার গভীর রাতে জানিয়েছে, তারা তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

দিনের শুরুতে কুয়েতের সশস্ত্র বাহিনীও দাবি করে, তারা ইরানের ছোড়া একাধিক ড্রোন প্রতিহত করেছে।

বাহরাইন জানিয়েছে, ইরানের উৎক্ষেপণ করা ড্রোন তাদের আকাশপথের নেভিগেশন ব্যবস্থাকে লক্ষ্য করেছিল। তবে এতে দেশটির বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনিসহ কয়েকটি শহর লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ট্যাংকার দুটি প্রণালীর একটি ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ পথ’ ব্যবহার করছিল এবং বিস্ফোরণের পর থেমে যায়।

আন্তর্জাতিক-এর আরও খবর

আরও পড়ুন