ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    23-10-2026    10
ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

চলতি বছরের গ্রীষ্মে ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে চলতি বছরটি ইউরোপ মহাদেশের ইতিহাসে দাবদাহজনিত মৃত্যুর দিক থেকে সবচেয়ে মারাত্মক বছর হিসেবে রেকর্ড গড়েছে।

গবেষণা সাময়িকী নেচার হেলথ-এ প্রকাশিত পিয়ার-রিভিউড (সহকর্মীদের দ্বারা পর্যালোচিত) দুটি গবেষণা নিবন্ধের তথ্যানুসারে, এই মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশ বা ৩২,৬০০টিরও বেশি সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক এবং এই প্রতিবেদনের অন্যতম লেখক ক্লেয়ার বার্নস বলেন, দাবদাহজনিত মৃত্যুর সংখ্যার বিচারে ২০২৬ সালের গ্রীষ্ম ইউরোপের অর্ধেকেরও বেশি এলাকার ইতিহাসে সম্ভবত সবচেয়ে ভয়াবহ ছিল।

জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে আন্তর্জাতিক নেতাদের একত্রিত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই ভয়াবহ তথ্য সামনে এলো। এর মাত্র কয়েক দিন আগেই জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছিল, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার যে সুযোগ বিশ্বের সামনে ছিল, তা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। গবেষক ক্লেয়ার বার্নস বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ পরিণতিগুলো ঠেকানোর পথ থেকে আমরা অনেকটাই ছিটকে গেছি। সরকারগুলোকে বুঝতে হবে যে, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতি কেবল আরও খারাপের দিকেই যাবে।

বিশ্বের দ্রুততম উষ্ণ হতে থাকা মহাদেশ এখন ইউরোপ এবং চরম আবহাওয়া সম্পর্কিত দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়া এই দাবদাহ সেখানকার মানুষের জন্য ইতোমধ্যেই অসহনীয় হয়ে উঠছে। চলতি বছরের মে মাসের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত নজিরবিহীন উচ্চ তাপমাত্রা পুরো মহাদেশকে যেন ঝলসে দিয়েছে।

এটিই ছিল পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস (৫.২ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। তবে কোনো কোনো দিনে অবস্থা ছিল আরও ভয়াবহ; কিছু দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১২ ডিগ্রি সেলসিয়াস (২১.৬ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে।

আন্তর্জাতিক-এর আরও খবর

আরও পড়ুন