সিনেমায় ভরপুর ‘নৃশংসতা’, তিন দিনে আয় ছাড়াল শতকোটি

  বিশেষ প্রতিনিধি    27-09-2026    10
সিনেমায় ভরপুর ‘নৃশংসতা’, তিন দিনে আয় ছাড়াল শতকোটি

পর্দায় রক্তক্ষয়ী সংঘর্ষ, কাটা মাথা আর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যাঙ্গের ছড়াছড়ি! পর্দাজুড়ে অতিরিক্ত ‘নৃশংসতা’ দেখানোয় সমালোচিত হলেও বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে দক্ষিণী তারকা নানির নতুন অ্যাকশন-ড্রামা ‘দ্য প্যারাডাইস’।

মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শক উন্মাদনা যেন তুঙ্গে। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই দক্ষিণী সিনেমাটি মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির অভিজাত ক্লাবে প্রবেশ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। হিসাব বলছে, এরই মধ্যে ছবিটির বৈশ্বিক আয়ের অঙ্ক ১১৯ কোটি ৫০ লাখ রুপি ছাড়িয়ে গেছে।

গত ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার শোর মাধ্যমে ৯০০ শো থেকে ১১ কোটি ৬০ লাখ রুপি দিয়ে সূচনা করে সিনেমাটি। এরপর ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তির পর একলাফে ৩৪ কোটি ৬৫ লাখ রুপি আয় করে। মাঝে আয়ের পারদ কিছুটা কমলেও ২৬ সেপ্টেম্বর (তৃতীয় দিন) ভারতে ১৫ কোটি ২৫ লাখ রুপি নেট আয় করে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে এখন পর্যন্ত শুধু ভারতেই ‘দ্য প্যারাডাইস’-এর নেট আয় দাঁড়িয়েছে ৭৬ কোটি ৪০ লাখ রুপি, যার বড় অংশই এসেছে তেলেগু সংস্করণ থেকে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকেও এখন পর্যন্ত ২৯ কোটি রুপি ঘরে তুলেছে নানির এই সিনেমা।

তবে আয়ের এই রেকর্ড গড়ার পেছনের গল্পে রয়েছে চরম সহিংসতা। সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও এক ছেলের প্রতিশোধকে কেন্দ্র করে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সিনেমাটির পর্যালোচনা তুলে ধরে বলা হয়েছে, ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদের বস্তির সামন্তপ্রভুর নৃশংস নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠা সেই চরিত্রের নাম ‘জাদল’, যার প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত ছবিটি। সমালোচকরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের এই আবেগী গল্পকে ছাপিয়ে পরিচালক অনাবশ্যক ‘গ্রাফিক ভায়োলেন্স’ বা অতিমাত্রায় নৃশংসতার প্রদর্শন করিয়েছেন।

যেমন বাতাসে উড়ে যাওয়া কাটা মাথা, বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও গর্ভবতী নারীদের ওপর শারীরিক নির্যাতনের দৃশ্যগুলো ছিল। যা সাধারণ দর্শকদের জন্য উপভোগ করা বেশ কঠিন বলে মত সমালোচকদের। যদিও রক্তক্ষয় আর চরম সহিংসতার কারণে ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি।

তবে সমালোচনা চললেও সিনেমার মূল অভিনেতা নানি দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ সিনেমায় নানির বিপরীতে অভিনয় করেছেন কায়াদু লোহার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় আলো ছড়িয়েছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়াল ও ঈশ্বরী রাওয়ের মতো তারকারা। আর অ্যাকশন থ্রিলার এই গল্পের ফাঁকে চমক হিসেবে ক্যামিও চরিত্রে হাজির হয়ে ভক্তদের বাড়তি আনন্দ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন