লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

  বিশেষ প্রতিনিধি    05-05-2025    161
লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় লিচুর বিচি গলায় আটকে মো. বায়জিদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু বায়জিদ উত্তর জালালপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, হঠাৎ করে দুপুরের দিকে বৃষ্টি নামলে বায়জিদের মা উঠানে শুকাতে দেওয়া ধান ঘরে তুলতে যান। এ সময় শিশু বায়জিদ কান্না শুরু করলে মা তাকে একটি লিচু খেতে দিয়ে ধান সরাতে চলে যান। এরপর ফিরে এসে দেখতে পান, বায়জিদের মুখ কালো হয়ে গেছে এবং সে শ্বাস নিতে পারছে না। পরে পরিবারের সদস্যরা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার নাদিম বলেন, শিশুটির গলায় লিচুর বিচি আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। এই মৃত্যুটা আমাদের সবাইকে ব্যথিত করেছে। আল্লাহ পরিবারের সবাইকে শোক বহন করার তৌফিক দান করুক আমিন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন