কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত তারেক রহমানের

  বিশেষ প্রতিনিধি    06-07-2026    27
কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত তারেক রহমানের

সরকার গঠনের পাঁচ মাস পর এবার দল গোছানোর কাজে মনোযোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অঙ্গ-সংগঠনগুলোর নতুন কমিটি গঠন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দলকে সক্রিয় করতে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তিনি।

বিএনপির একাধিক নেতা জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন, সাংগঠনিক পুনর্গঠন এবং আগামী বছরে দলের কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্য সামনে রেখে পর্যায়ক্রমে মূল দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। এর অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও শিগগিরই বৈঠক করবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যের ভাষ্য, সরকার পরিচালনার ব্যস্ততার কারণে সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। ফলে, নেতাকর্মীরাও নিজ-নিজ ব্যবসা-বাণিজ্যে বেশি মনোযোগী হয়ে পড়েছেন। তাই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই স্থবিরতা কাটিয়ে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন তারেক রহমানের প্রধান লক্ষ্য। একই সঙ্গে দল ও সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত যতদূর সম্ভব মিটিয়ে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছেন তিনি।

দলের দায়িত্বশীল নেতাদের মতে, ধারাবাহিক এই বৈঠক ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনে নতুন গতি আসবে এবং নানা কারণে দীর্ঘদিন ঝুলে থাকা সাংগঠনিক কার্যক্রমও আবার শুরু হবে।

গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, তারেক রহমান শুরুতে ঢাকা জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে নেতারা অংশ নেন। নিপুণ রায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তবে, আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

জানা গেছে, এরপর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ ৩ নেতার সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান অংশ নেন। বৈঠকে তারেক রহমান নেতাদের কাছে সাংগঠনিক অবস্থা ও সারা দেশে কমিটির বিষয়ে জানতে চান। একই সঙ্গে সংগঠনের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন কমিটি দেওয়ার ইঙ্গিত দেন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন