জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ

  বিশেষ প্রতিনিধি    28-09-2026    6
জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ

‘পান মসলা ও জর্দা এবং ‘মুদ্রিত কাগজের ক্যাটালগ’ ঘোষণায় কোলকাতা থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানের কায়িক পরীক্ষায় অসামঞ্জস্যপূর্ণ পণ্য পাওয়া গেছে। চালানটিতে বিভিন্ন রঙের গুঁড়াজাত পদার্থও পাওয়া গেছে। তবে এসব পদার্থে মাদক বা কোনো নিষিদ্ধ উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস নথি অনুযায়ী, ‘এমভি উদ্দীপন এক্সপ্রেস’ জাহাজে কলকাতা থেকে চালানটি চট্টগ্রামে আসে। জাহাজটি ২০ সেপ্টেম্বর কলকাতা থেকে যাত্রা করে এবং ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চালানটির দুটি হাউস বিল অব লেডিং একই মাস্টার বিল অব লেডিং নম্বর ৩০১১৭৪৩৪৭-এর আওতাভুক্ত।

প্রথম হাউস বিল অব লেডিং নম্বর আইএসএলসিসিইউ২৬২৭সিজিপি০৯৫-এ পণ্য হিসেবে ‘পান মসলা ও জর্দা উল্লেখ করা হয়। নথিতে ৪৭৩ প্যাকেজের মোট ওজন ৮ হাজার ৯৭৪ কেজি দেখানো হয়। তবে ২৭ সেপ্টেম্বর কায়িক পরীক্ষায় ৪৭০ প্যাকেজে ৮ হাজার ২৫০ দশমিক ৪ কেজি তামাক বা তামাকসদৃশ সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে ৪২১ প্যাকেজে ছিল ৭ হাজার ৩২৫ দশমিক ৪ কেজি গাঢ় বাদামি রঙের সামগ্রী। এছাড়া ৩১ প্যাকেজে ৫২৭ কেজি বাদামি, ১৩ প্যাকেজে ২৭৩ কেজি ধূসর এবং পাঁচ প্যাকেজে ১২৫ কেজি সাদা রঙের সামগ্রী পাওয়া যায়।

কায়িক পরীক্ষায় এসব সামগ্রীর মধ্যে বিভিন্ন রঙের গুঁড়াজাত পদার্থও পাওয়া গেছে। এগুলোতে মাদকদ্রব্য, নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

চালানটির দ্বিতীয় হাউস বিল অব লেডিং নম্বর আইএসএলসিসিইউ২৬২৭সিজিপি০৯৬-এ পণ্যের বিবরণ দেওয়া হয় ‘মুদ্রিত কাগজের ক্যাটালগ’। নথিতে ১ হাজার ৫৭০ প্যাকেজের মোট ওজন ৯ হাজার ৮৫৯ দশমিক ৬০ কেজি উল্লেখ করা হয়।

কিন্তু কায়িক পরীক্ষায় একই সংখ্যক প্যাকেজে ৯ হাজার ২৬৩ কেজি বা প্রায় ৯ দশমিক ২৬ টন বাতিল কাগজ পাওয়া যায়। অর্থাৎ নথিতে ‘মুদ্রিত কাগজের ক্যাটালগ’ ঘোষণা করা হলেও পরীক্ষায় পাওয়া গেছে বাতিল কাগজ।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন