কামব্যাক করছেন সৌরভ গাঙ্গুলি

  বিশেষ প্রতিনিধি    04-01-2023    619
কামব্যাক করছেন সৌরভ গাঙ্গুলি

বড়ো দায়িত্ব! আইপিএলে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এপ্রিলে শুরু হচ্ছে আইপিএল (IPL 2023)। সেখানে আরও বড়ো ভূমিকায় ফিরছেন প্রাক্তন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। তবে এ বার আর ব্যাট হাতে কিংবা মেন্টরের ভূমিকায় নয়। তিনি ফিরছেন আরও বড়ো ভূমিকায়। গত অক্টোবরে বিসিসিআই প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তাঁর ঘনিষ্ট সূত্রের দাবি, “এই বছর থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের ২২ গজে ফিরে আসছেন সৌরভ। এ ব্যাপারে যাবতীয় আলোচনা এবং প্রক্রিয়া শেষ হয়েছে”। পুরো প্রক্রিয়াটি সম্পর্কে অবহিত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “এর আগেও দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। মেন্টর হিসেবে ঋষভ পন্থদের দায়িত্ব সামলেছেন তিনি। এক বছর থাকার পর ২০১৯ সালে বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ। সেই সময় এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। সে সময় আইপিএল থেকে সরাসরি সম্পর্ক ছিন্ন না করলে তিনি দিল্লি ক্যাপিটালসেই থাকতেন। এই দলের মালিকদের সঙ্গে সৌরভের ভালো সম্পর্ক”। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসাবে দেখা যাবে তাঁকে। আইপিএলে এই দলের অধিনায়ক ঋষভ পন্থ এবং কোচ রিকি পন্টিং। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ। ওয়াকিবহাল মহলের ধারণা, এ বারের আইপিএল নিলামে কোচ রিকি পন্টিংয়ের মতোই দিল্লি দলের খেলোয়াড় বাছাইয়ে ভূমিকা থাকতে পারে সৌরভেরও!

খেলাধুলা-এর আরও খবর

আরও পড়ুন