লক্ষ্মীপুরে ১১ দোকান আগুনে পুড়ে ছাই, কাঁদছেন ব্যবসায়ীরা

  বিশেষ প্রতিনিধি    29-02-2024    255
লক্ষ্মীপুরে ১১ দোকান আগুনে পুড়ে ছাই, কাঁদছেন ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে মালামালসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মালামালসহ দোকান পুড়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আবদুর রহিম সুপার মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই সৌরভ হোটেল, মন্নান স্টোর, একটি সেলুন, স্যানিটারি ফার্নিচার, টায়ারের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান ও একটি ইলেকট্রনিক দোকানসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের খোকনের ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে উপার্জনের একমাত্র দোকানটি পুড়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, আগুনে সব পুড়ে গেছে। একটি মালামালও অক্ষত নেই। ভাঙারি দোকান থেকে আগুন লেগেছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

জকসিন বাজার কমিটির কোষাধ্যক্ষ শিমুল বলেন, আমাদের বাজারে সবসময় যানজট লেগে থাকে। এজন্য সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে পারে না। এতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়। যানজট নিরসনে উদ্যোগের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের ভয়াবহতা বেশি ছিল। তবুও সময় মতো আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।

সারাদেশ-এর আরও খবর