বাল্যবিবাহ করতে এসে জরিমানা গুনলেন বর, কনের বাবার কারাদণ্ড

  বিশেষ প্রতিনিধি    04-05-2024    296
বাল্যবিবাহ করতে এসে জরিমানা গুনলেন বর, কনের বাবার কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে বাল্যবিবাহ করতে এসে জরিমানা দিতে হলো বরকে ও কনের বাবাকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ মে) মোবাইল কোর্ট অভিযানে জরিমানা ও দণ্ড প্রদান করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

জানা গেছে, গতকাল বিকেলে বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের সামাদ মোল্লাকে তার মেয়েকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেওয়ার অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও বিয়ে করতে আসায় ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় বরকে জরিমানা ও কন্যার বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কন্যার জন্ম নিবন্ধনের জাল সনদ তৈরি করেছিল। বাল্যবিবাহ নিয়ে আমরা কোনো ছাড় দিতে চাই না। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন