ঢাবিতে অজ্ঞান, পরে নিজেকে সুনামগঞ্জ-পঞ্চগড় ও বরিশালে পান খালেদ

  বিশেষ প্রতিনিধি    25-12-2024    71
ঢাবিতে অজ্ঞান, পরে নিজেকে সুনামগঞ্জ-পঞ্চগড় ও বরিশালে পান খালেদ

চারদিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে।

তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকা পোস্টকে এমন তথ্য জানান তিনি।

আব্দুল কাদের বলেন, তিনি (খালেদ হাসান) ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সাথে একান্তে কথা বলতে চাইলে সে আমাকে তার গুম হওয়ার ঘটনা জানায়।

তিনি আরও জানান, খালেদের ভাষ্যমতে— শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিক্সায় করে দোয়েল চত্বরের দিকে যাবার সময় রিক্সাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায়। পরবর্তীতে সে যখন জ্ঞান ফিরে পায় সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পায়। এসময় তারসাথে আরও ২-৩ জন ছিল। পরবর্তীতে সে আবারও জ্ঞান হারায়।

দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে পঞ্চগড়ের কোনও একটা জায়গায় দেখতে পায়। তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার আজকে (মঙ্গলবার) যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে।

তিনি বলেন, খালেদের মানসিক অবস্থা ভালো না। কাউকে কিছু বলতে পারছেন না। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছি

সারাদেশ-এর আরও খবর