চট্টগ্রামে দলীয় নেতাদের যে বার্তা দিলেন তারেক রহমান

  বিশেষ প্রতিনিধি    10-08-2026    26
চট্টগ্রামে দলীয় নেতাদের যে বার্তা দিলেন তারেক রহমান

কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক সভায় চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে দলের তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। দলের অভ্যন্তরীণ বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও থানা পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক সক্ষমতার ওপরই দলের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।

এ সময় দলের নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান।

সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে রোববার সকাল থেকে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন তিনি। পরবর্তীতে রাতে রাজধানীর উদ্দেশ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন