সৈয়দপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ছিনতাই, অভিযোগ করেও মিলছে না সহায়তা

  বিশেষ প্রতিনিধি    23-09-2026    6
সৈয়দপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ছিনতাই, অভিযোগ করেও মিলছে না সহায়তা

উত্তরের বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুরে প্রতিদিন জেলা ও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে হাজারো মানুষ আসেন। শহরে রয়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার যাত্রীরাও প্রতিদিন এ শহর দিয়ে চলাচল করেন।

তবে গত কয়েক মাসে সৈয়দপুর শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দিনের বেলায় মোটরসাইকেলে এসে পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহায়তা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে শহরবাসীর মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক।

সাম্প্রতিক সময়ে একের পর এক ছিনতাই, প্রতারণা ও কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দিনের বেলা কিংবা রাতের বিভিন্ন সময়ে শহরের সড়কগুলোতে মোটরসাইকেলে এসে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ভোরে শহরের প্লাজা মার্কেটের নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইলের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা দুটি দোকান থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ইনফিনিক্স মোবাইল শোরুমের মালিক আহাদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন। তবে মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গত ২৭ আগস্ট রেজওয়ান নামে এক কিশোরের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা যাত্রীবেশে তার ভ্যানে ওঠে। পরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে গিয়ে কৌশলে তাকে পান আনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এর আগের দিন সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়া এলাকার আরিফুজ্জামান স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মোবাইল ফোনে কথা বলার সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় জিডি করলেও এখনো মোবাইল ফোনটি উদ্ধার হয়নি।

গত ৩১ আগস্ট শহরের কুন্দল এলাকায় রিকশায় যাওয়ার সময় আশরাফ উদ্দিনের মোবাইল ফোনও মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়। তিনিও সৈয়দপুর থানায় জিডি করেন। এর আগে ১১ আগস্ট সৈয়দপুর-পার্বতীপুর সড়কে মোটরসাইকেলে এসে তন্ময় নামে এক কনটেন্ট ক্রিয়েটরের আইফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনিও থানায় জিডি করেন। তবে এখনো ফোনটি উদ্ধার হয়নি বলে জানা গেছে।

এদিকে শহরের মিস্ত্রিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে প্রায় ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মিত ট্যাক্স ও বিভিন্ন ধরনের সার্ভিস চার্জ পরিশোধ করে তারা ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু এরপরও প্লাজা মার্কেটসহ শহরের বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। একের পর এক চুরির ঘটনায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকের ব্যবসাই পরিবারের একমাত্র আয়ের উৎস। দোকানে চুরি হলে পুঁজি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কা তৈরি হয়। দিনের বেলায় ছিনতাই এবং রাতে নির্জন এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক আরও বাড়ছে।

স্থানীয় সমাজসেবক সাজু আনসারী বলেন, শহরজুড়ে মাদক, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। শহরবাসী নিরাপদে চলাচল করতে পারছেন না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও কার্যকর সহায়তা প্রয়োজন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন