গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    24-08-2026    4
গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবিসিংহপুর গ্রামে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে সুলতান বাপের নতুন বাড়ির পূর্ব পাশে স্বপনের ভিটাসংলগ্ন জমিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নুরুজ্জামান গরুর ঘাস কাটতে মাঠে গেলে বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংযুক্ত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবেরহাট বাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, হঠাৎ তিনি চিৎকারের শব্দ শুনতে পান। প্রথমে তিনি মনে করেছিলেন, হয়তো নুরুজ্জামানকে সাপে কামড় দিয়েছে। পরে কাছে গিয়ে দেখেন, তার পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে রয়েছে। তখন পাশের একটি বাড়ি থেকে কাঁথা এনে কাঁথা দিয়ে টেনে বৈদ্যুতিক তার সরিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে এলাকাবাসী তাকে কুতুবেরহাট বাজারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক স্থানীয় বাসিন্দা সুমন বলেন, নুরুজ্জামান ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, বৈদ্যুতিক পিলার ও সংযোগে ত্রুটি দেখা দেওয়ার পর বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হয়েছিল। সময়মতো ত্রুটি মেরামত করা হলে এ মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে দাবি তাদের।

স্থানীয় বিএনপি নেতা মাস্টার খায়রুল আজাদ ভূঁইয়া বলেন, নুরুজ্জামানের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন