ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

  বিশেষ প্রতিনিধি    26-08-2026    1
ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেবেন না বলে জানিয়েছেন শিশুটির মা মোছা. আয়েশা বেগম। তিনি বলেন, আমি আসামিদের ফাঁসি চাই। ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না। কিন্তু আজ না কাল করে দিন পার করছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণার তারিখ পেছানোর পর স্থানীয় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে আয়েশা বেগম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা তো চেয়েছিলাম সরকার হয়তো সঠিক বিচার করবে। মামলা দেড় বছর হয়ে গেছে আর কত পেছাবে জানি না। আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই। আমি অর্থ ব্যয় করতে পারি না। এই কারণে হয়তো আমার ঘুরায়ে যাচ্ছে। আমার সাথে ছলনা করা হচ্ছে। আমার তো সহযোগিতা করার মানুষ নেই। এই কারণে আমার সঠিক বিচার হচ্ছে না। আদালত যদি ফাঁসির রায় না দিতে পারে, তাহলে আসামিদের ছেড়ে দিক।

মঙ্গলবার ওই মামলায় রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার নতুন তারিখ আগামী সোমবার (৩১ আগস্ট) নির্ধারণ করেন আদালত। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন রায় পেছানোর আবেদন জানিয়ে আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তিনি দেশের বাইরে আছেন। এ কারণে আমরা সময় চাচ্ছি। তখন আদালত সময় আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন।

আদালতে আসামিপক্ষে রয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন