আত্মগোপনে মাদক কারবারিরা, মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা

  বিশেষ প্রতিনিধি    27-08-2026    2
আত্মগোপনে মাদক কারবারিরা, মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনার আগে আরও দুটি হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনার নেপথ্যে মাদক ব্যবসা, অধিপত্য ও বিরোধের জের। এ কারণে ‘মাদকসেবী ও কারবারির আখড়া’ হিসেবেও এলাকাটি পরিচিত।

চলতি বছরের ২৭ জানুয়ারি নগরীর মাছুয়াপাড়া সংলগ্ন তাঁতীপাড়ায় খুন হন অটোচালক আমিনুল ইসলাম (৩৫)। গাঁজা কাটার চাকুর আঘাতে তার প্রাণ কেড়ে নেন বিজয় মোহান্ত নামে এক মাদকাসক্ত। এরপর ১০ এপ্রিল মাছুয়াপাড়ায় পূর্ববিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশের ভাষ্য, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাকিবকে হত্যা করা হয়। এ ঘটনার পর মাছুয়াপাড়ায় দুটি বাড়ি ও ১০টি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। আতঙ্কে কয়েকটি পরিবারের সদস্যদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনার রেশ না কাটতেই সেই মাছুয়াপাড়াতেই ঘটেছে এক নৃশংস হত্যাযজ্ঞ। গত ২২ আগস্ট শনিবার সেখানে বসবাসরত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসার ছাদে মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষকসহ একে একে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সম্পর্কে তারা দুজন আত্মীয়।

গ্রেপ্তার মুগ্ধ দাস রংপুর সিটি বাজারে মাছের দোকানে কাজ করতেন আর সিদ্ধার্থ দাস প্রায় আট বছর ধরে একটি জুয়েলারির দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার বর্ণনা দিয়েছেন তারা।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন