বর্ষায় রাঙামাটির ঝর্ণায় ফিরেছে যৌবন, বাড়ছে পাহাড়ি পর্যটনের সম্ভাবনা

  বিশেষ প্রতিনিধি    28-08-2026    10
বর্ষায় রাঙামাটির ঝর্ণায় ফিরেছে যৌবন, বাড়ছে পাহাড়ি পর্যটনের সম্ভাবনা

‎বর্ষার বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির পাহাড়ি ঝর্ণাগুলো। বৃষ্টির পানিতে প্রাণ ফিরে পাওয়া ছোট-বড় ঝর্ণা ও জলপ্রপাতগুলো এখন হয়ে উঠেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ। কাপ্তাই হ্রদ, পাহাড় ও সবুজ অরণ্যের পাশাপাশি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাঙামাটিতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

‎রাঙামাটির সুবলংয়ের বড় ও ছোট ঝর্ণা, কাউখালীর ঘাগড়া ঝর্ণা, বিলাইছড়ির ধুপপানি, মুপ্পোছড়া, গাছকাটাছড়া ও শতপাপড়িসহ বিভিন্ন পাহাড়ি ঝর্ণায় এখন দেখা মিলছে পর্যটকদের। বর্ষার টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা জলধারা এসব ঝর্ণাকে দিয়েছে ভিন্নমাত্রার সৌন্দর্য।

‎‎কাপ্তাই হ্রদে নৌপথে সহজে পৌঁছানো যায় বলে সুবলং ঝর্ণা বরাবরই পর্যটকদের কাছে জনপ্রিয়। অন্যদিকে বিলাইছড়ির দুর্গম পাহাড়ে অবস্থিত ধুপপানি, মুপ্পোছড়া ও গাছকাটার মতো ঝর্ণাগুলোতে যেতে পাড়ি দিতে হয় খাড়া পাহাড়ি পথ, ঝিরি ও পাথুরে পথ। ফলে এসব ঝর্ণা প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদেরও আকর্ষণ করছে।

‎কাউখালীর ঘাগড়া ঝর্ণাতেও বর্ষাকে ঘিরে বাড়ছে পর্যটকের আনাগোনা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা ঝর্ণার পানিতে ভিজে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। ‎চট্টগ্রাম থেকে ঘাগড়া ঝর্ণায় ঘুরতে আসা শিক্ষার্থী আফিয়া খানম বলেন, এখানে মূলত পাহাড়ের সৌন্দর্য ও ঝর্ণা দেখতেই মানুষ আসে। আমি প্রতিবছরই চট্টগ্রাম থেকে আসি, যখন পানি বেশি থাকে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন। আমিও এখানকার ঝর্ণা দেখতে আসি। ঝর্ণার মনোমুগ্ধকর পরিবেশ দেখে নিজেরও ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়।

‎ঢাকা থেকে আসা পর্যটক জাহিদ হোসেন বলেন, আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখে রাঙামাটিতে এসেছি। রাঙামাটি খুবই সুন্দর একটি জায়গা। কিন্তু বর্ষার মৌসুমে রাঙামাটি যে এতটা সুন্দর হবে তা অকল্পনীয়। আজকে আমরা ঝর্ণায় আসলাম এবং ঝর্ণার পানিতে আমাদের মন জুড়িয়ে যাচ্ছে।

‎পর্যটকের সংখ্যা বাড়ায় চাঙা হয়ে উঠছে স্থানীয় পর্যটন ব্যবসাও। পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা ও ছাড় দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন